কবিতা আক্তার, রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা পৌরসভা বিএনপি এবং এর ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যক্রম আরও গতিশীল করা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা উপজেলা অডিটোরিয়ামের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুন্সি। সভা পরিচালনা করেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে। বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়েই একটি মজবুত সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা সম্ভব।”
সভায় রায়পুরা পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি, জনগণের পাশে থেকে কাজ করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মো. ইদ্রিস আলী মুন্সি বলেন, “রায়পুরা পৌরসভা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মতপার্থক্য ভুলে দলীয় ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের নিবেদিতভাবে কাজ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, উপদেষ্টা ফজলুর রহমান ও হযরত আলী ভুইয়া, শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুছ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, পৌরসভা বিএনপির সহ-সভাপতি মো. আহছান উল্লাহ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু ও নূর আহমেদ চৌধুরী মানিক, মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ, পৌরসভা যুবদলের আহ্বায়ক সোহেল আহমেদ এবং সদস্য সচিব সুমন নেওয়াজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ।