কবিতা আক্তার,রায়পুরা (নরসিংদী):
নরসিংদীর রায়পুরায় আধুনিক ও টেকসই কৃষির প্রসারে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৭০ জন নির্বাচিত প্রান্তিক ও বাণিজ্যিক চাষি অংশ নেন। এতে উপজেলার কৃষি উন্নয়ন, ফসলের উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু সহনশীল চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো ইমতিয়াজ আলম , রায়পুরা উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির এবং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: বাসেদ মিয়া রায়পুর সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের মাঠ কর্মকর্তা।
কংগ্রেসের শেষ অংশে অংশ নেওয়া ৭০ জন কৃষক মাঠ পর্যায়ে চাষাবাদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি তুলে ধরেন। কর্মকর্তারা কৃষকদের সমস্যার তাৎক্ষণিক সমাধান ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আধুনিক কারিগরি সহায়তার আশ্বাস দেন। কৃষকেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব উপায়ে উচ্চ ফলনশীল চাষাবাদ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।